লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গুড়াতি পাড়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর আহত শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১২টার দিকে শিশুটি প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে এলাকার এক যুবক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে আটক করে গাছে বেঁধে রাখে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক যুবকের নাম মমিনুর রহমান। তিনি ওই এলাকার হাফিজুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, ঘটনার পর তারা হুমকির মুখে রয়েছেন এবং ন্যায়বিচার চান।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

