কক্সবাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
কক্সবাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের ঝুলন্ত অবস্থায় দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) রামু ও ঈদগাঁও উপজেলার নিজ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উখিয়ারঘোনা এলাকায় শাফিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক ও হোমিওপ্যাথি চিকিৎসক আব্দুল হকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাফিয়া আক্তারের সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ চলছিল। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে একই দিন দুপুরে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মধ্যম পোকখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকায় শাহেনা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় রাজমিস্ত্রি মিজানুর রহমানের স্ত্রী। তার পৈত্রিক বাড়ি পেকুয়া উপজেলার মগনামা এলাকায়।

স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যরা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাহেনা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় করেন। শাহেনা আক্তার ও তার স্বামী সম্পর্কে খালাত ভাই-বোন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পোকখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সালাউদ্দিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here