‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

0
‘এগিয়ে চলো ব্রাজিল’, ম্যাচের আগে নেইমারের বার্তা

বিশ্বকাপ অভিযানের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না দলের অন্যতম ভরসা নেইমার জুনিয়র। তবে শারীরিকভাবে মাঠের বাইরে থাকলেও মানসিকভাবে দলের সঙ্গেই আছেন এই ব্রাজিলিয়ান তারকা।

বাংলাদেশ সময় আজ ভোর ৪টায় মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সতীর্থদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন নেইমার।

তিনি লিখেছেন,‘আগামীকালই সেই দিন। সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এগিয়ে চলো ব্রাজিল!’

সামাজিক মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবির মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। সেখানে স্পষ্ট দেখা যায় নেইমারের ঘাড়ে থাকা (Everything Passes) লেখা ট্যাটুটি। কঠিন এই সময় নিজের মনোবল অটুট রাখার বার্তা দিতেই হয়তো সেই ছবিটি বেছে নিয়েছেন তিনি।

পিঠের কাফ মাসলের চোটের কারণে গত ১০ দিন ধরে দলের মূল অনুশীলনের বাইরে রয়েছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। গত সোমবার তার চোটের সর্বশেষ অবস্থা মূল্যায়নে এমআরআই পরীক্ষা করা হয়।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমারের সেরে ওঠার প্রক্রিয়া আশাব্যঞ্জক। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও মরক্কোর বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার কোনো সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, সাইড বেঞ্চ থেকেই সতীর্থদের লড়াই দেখবেন তিনি। এমনকি আগামী শুক্রবার হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কোচিং স্টাফ সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করছে।

নেইমারের অনুপস্থিতিতে ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো স্বীকৃত ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি কিংবদন্তি জিকো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here