এখন তিন সংস্করণে ফেরাই বাবরের লক্ষ্য

0
এখন তিন সংস্করণে ফেরাই বাবরের লক্ষ্য

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শিরোপা জয়ের পর আবারও তিন সংস্করণের জাতীয় দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য জানিয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম।

পেশাওয়ার জালমির হয়ে এবারের পিএসএলে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাবর। টুর্নামেন্টে তিনি ২টি সেঞ্চুরি ও ৩টি ফিফটির সাহায্যে সর্বোচ্চ ৫৮৮ রান সংগ্রহ করেন। পাশাপাশি তার স্ট্রাইক রেট দাঁড়ায় ১৪৫.৯০।

তবে ফাইনালে তিনি গোল্ডেন ডাক পেলেও দলীয় পারফরম্যান্সে ভর করে পেশাওয়ার জালমি ২০১৭ সালের পর দ্বিতীয়বারের মতো পিএসএল শিরোপা জিতে নেয়।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলে ধারাবাহিকতা না থাকায় সমালোচনার মুখে পড়েছিলেন এই ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে তার ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠেছে।

পিএসএল শেষে বাবর জানান, তিনি আবারও টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই নিয়মিত পারফর্ম করতে চান। তাঁর মতে, লাল বলের ক্রিকেট একজন ব্যাটসম্যানকে ধৈর্য ও বড় ইনিংস খেলার দক্ষতা শেখায়, যা সাদা বলের ক্রিকেটেও সহায়ক।

তিনি বলেন, ‘আমার মনোযোগ এখন তিন সংস্করণেই। একজন ব্যাটসম্যানের সব ফরম্যাটেই খেলা উচিত। লাল বলের ক্রিকেট আমাকে দীর্ঘ ইনিংস খেলার শিক্ষা দেয়।’

জাতীয় দলে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে নিজের সীমাবদ্ধতা স্বীকার করে বাবর বলেন, ভুলগুলো বিশ্লেষণ করে উন্নতির চেষ্টা করছেন তিনি। পরিবার, কোচ এবং ঘনিষ্ঠদের সমর্থন তাকে এগিয়ে যেতে সাহায্য করছে বলেও উল্লেখ করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here