ইরান অবশ্যই বিশ্বকাপ মাতাতে আসবে : ফিফা প্রেসিডেন্ট

0
ইরান অবশ্যই বিশ্বকাপ মাতাতে আসবে : ফিফা প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে আয়োজিত হতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান যুদ্ধ পরিস্থিতিতে থাকায় দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে কোনো ‘শত্রু’ দেশে ফুটবল দল পাঠানো হবে না বলে জানিয়ে বিশ্বকাপ ভেন্যু বদলানোর দাবি জানিয়েছিল ইরান। যদিও শুরু থেকেই যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশা প্রকাশ করছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 

গতকাল বুধবার সম্প্রচারক সংস্থা সিএনবিসি আয়োজিত অর্থনৈতিক সম্মেলনেও একই ধরনের আশা প্রকাশ করেছেন ইনফান্তিনো।

ফিফা প্রেসিডেন্ট বলেন, ইরান অবশ্যই এখানে (বিশ্বকাপে) আসবে। আমরা আশা করি, তখন পরিস্থিতি শান্ত থাকবে, তাতে সবার জন্যই ভালো হবে। ইরানকে আসতেই হবে। কারণ তারা তাদের জনগণের প্রতিনিধিত্ব করে। তারা যোগ্যতা অর্জন করেছে। আর তাদের খেলোয়াড়েরাও খেলতে চায়। খেলাধুলা রাজনীতির বাইরে থাকা উচিত। যদি অন্য কেউ সেতুবন্ধ তৈরি ও তা ধরে রাখার বিশ্বাস না রাখে, তবে আমরা সেই দায়িত্বটাই পালন করব।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জোট ইরানের ওপর হামলা চালানোর পর দেশটির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত হওয়ায় শুরুতে বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল ইরান। এমন অনিশ্চয়তার মাঝে যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার ইঙ্গিত দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি বলেন, ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।

ট্রাম্পের এই বক্তব্যের পর বিশ্বকাপে নিজেদের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার দাবি জানায় ইরান। যদিও সূচি ও ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাকে উড়িয়ে যুক্তরাষ্ট্রেই ইরানের খেলার নিশ্চয়তা দেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই অবস্থান এখনো ধরে রেখেছে তারা।

আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। সূচি অনুযায়ী, ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম। ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের বিপক্ষে লড়বে ইরান।

সূত্র : সিবিএস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here