অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স

0
অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে ফেরার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সিডনিতে সর্বশেষ স্ক্যানের পর তাকে সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা দল ও সমর্থকদের জন্য স্বস্তির খবর।

ব্লু মাউন্টেন্সে পরিবারসহ ছুটি কাটানোর সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের মন্তব্যের জবাবে কামিন্স জানান, শুক্রবার তার ভারতে ফেরার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ২৫ এপ্রিল জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার লক্ষ্য ঠিক করেছেন এই পেসার।

আইপিএলের চলতি আসরের শুরুর আগে একবার দলের সঙ্গে যোগ দিলেও তখন তার খেলার সম্ভাবনা ছিল না। মূলত সতীর্থদের সঙ্গে সময় কাটাতেই তিনি দলে যোগ দিয়েছিলেন। পরে আবার দেশে ফিরে যান ৩২ বছর বয়সী এই তারকা।

গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় প্রথমে কোমরে অস্বস্তি অনুভব করেন কামিন্স। পরবর্তীতে আগস্টে তার কোমরের হাড়ে চাপজনিত চোট ধরা পড়ে, যা তাকে প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছে। গত নয় মাসে তিনি খেলতে পেরেছেন মাত্র একটি ম্যাচ—অ্যাশেজের অ্যাডিলেইড টেস্ট।

ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকায় অস্ট্রেলিয়ার স্কোয়াডে রাখা হলেও শেষ পর্যন্ত সেই আসর থেকেও ছিটকে পড়েন কামিন্স। ফলে আইপিএলেও এতদিন মাঠের বাইরে ছিলেন তিনি।

তার অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিষান। পাঁচ ম্যাচে দুটি জয় নিয়ে বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে দলটি, যেখানে সমান পয়েন্ট থাকা কয়েকটি দলের মধ্যে রানরেটে এগিয়ে তারা।

কামিন্সের প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার জন্যও বড় স্বস্তির খবর। তবে তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টে বাড়তি নজর রাখবে জাতীয় দলের নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু করে পরবর্তী ১১ মাসে প্রায় ২০টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

এদিকে চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন কামিন্সের দীর্ঘদিনের বোলিং সঙ্গী জশ হেইজেলউডও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরাও হয়েছেন এই অভিজ্ঞ পেসার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here