ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

0
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ওই ইউরেনিয়ামের কাছে যাওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র যেকোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানাবে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক উপাদানগুলো মার্কিন সামরিক বাহিনীর সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। তিনি বলেন, ‘কেউ সেখানে গেলে আমরা সঙ্গে সঙ্গে জানতে পারব। প্রয়োজনে তাদের উড়িয়ে দেওয়া হবে।’

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এখন ওয়াশিংটন ও তেহরানের যুদ্ধবিরতি আলোচনার অন্যতম বড় ইস্যু। যুক্তরাষ্ট্র চাইছে, ইরান যেন ইউরেনিয়াম দেশটির বাইরে সরিয়ে নেয় এবং পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে তারা সরে আসবে না।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচেই এখনো ইউরেনিয়াম মজুদ থাকতে পারে। যদিও এর অবস্থান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ইরান। গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে। তবে সেই দাবি নাকচ করে দেয় তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র। কোনো অবস্থাতেই এটি অন্য কোথাও সরানো হবে না।’ বর্তমানে ইরানের কাছে প্রায় ৪০০ কেজির বেশি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধতায় পরিশোধন করা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব।

২০১৫ সালে, ইরান একটি বহুপাক্ষিক চুক্তিতে সম্মত হয়, যার অধীনে দেশটির অর্থনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে তেহরান কঠোর আন্তর্জাতিক তত্ত্বাবধানে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ৩.৬৭ শতাংশে সীমাবদ্ধ রাখে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, পরিবহন ও সংরক্ষণ করতে মস্কো প্রস্তুত বলে জানানোর এক দিনের মাথায় এই হুঁশিয়ারি দেন ট্রাম্প।

এদিকে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। তিনি দাবি করেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে হবে এবং সেটি না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছে বলা যাবে না। 

সোমবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ ইরানে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেগুলো ইরান থেকে সরিয়ে নিতে হবে। একই সঙ্গে সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোও অকেজো করতে হবে।

কীভাবে ইউরেনিয়াম সরানো হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে গিয়ে ইউরেনিয়াম বের করে আনতে হবে।
নেতানিয়াহু আরও দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানও একই ধরনের। তবে সামরিক পদক্ষেপ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তিনি।

ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সামরিক অভিযানের পরিবর্তে একটি সমঝোতা চুক্তিকেই বেশি গুরুত্ব দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, চুক্তির মাধ্যমে যদি বিষয়টি সম্ভব হয়, সেটাই সবচেয়ে ভালো উপায়। একই সঙ্গে তিনি জানান, ইরানের সমর্থিত বিভিন্ন গোষ্ঠী এখনো সক্রিয় রয়েছে এবং দেশটি পুরোপুরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ করেনি। যদিও ইসরায়েল তাদের সেই সক্ষমতা অনেকাংশে কমিয়ে আনতে পেরেছে বলে দাবি করেন তিনি। সূত্র: আল-জাজিরা, হিন্দুস্তান টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here