ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁ বলেন, ‘তার পরিবার এবং অস্ত্রধারী ভাইদের (সহযোদ্ধাদের) প্রতি আমি সমগ্র জাতির পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের বেশ কয়েকজন সৈন্য আহত হয়েছে। ফ্রান্স সবসময় তাদের এবং তাদের প্রিয়জনদের পাশে আছে। ইরানের যুদ্ধ এ ধরনের হামলার যৌক্তিকতা হতে পারে না বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছে।
ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ে’ ফ্রান্সের কয়েক শ সেনা মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

