আমাকে চড় মেরে ১ কোটি রুপি আয় করেছে হরভজন: শ্রীশান্ত

0
আমাকে চড় মেরে ১ কোটি রুপি আয় করেছে হরভজন: শ্রীশান্ত

সাবেক দুই ভারতীয় ক্রিকেটার হরভজন সিং ও এস শ্রীশান্তের মধ্যকার সম্পর্ক সম্ভবত আবার কুৎসিত রূপ নিতে যাচ্ছে। ১৮ বছর আগের আইপিএল স্ল্যাপগেট বিতর্ক আবার ঝড় তুলেছে। শ্রীশান্তের কাটা ঘায়ে যেন হরভজন নুনের ছিটা দিলেন।

২০০৮ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের পেসার ছিলেন শ্রীশান্ত। আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন হরভজন। ম্যাচ শেষে হাত মেলানোর সময় আকস্মিকভাবে শ্রীশান্তকে চড় মেরে বসেন তিনি। কেন চড় মেরেছিলেন, সেই কারণ এখনো অজানা। তবে সম্প্রতি আবার সেই বিতর্কিত ঘটনা নতুন করে ফিরিয়ে আনলেন সাবেক স্পিনার। ওই স্ল্যাপগেট বিতর্ক নিয়ে একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করেন তিনি।

এমন কাণ্ডে শ্রীশান্ত দাবি করেন, আইপিএল স্ল্যাপগেট নিয়ে বিজ্ঞাপনে অভিনয় করে এক কোটি রুপি আয় করেছেন হরভজন। তিনি আরও অভিযোগ করেন, হরভজন তাকে বিজ্ঞাপনটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন।

মালায়লাম নিউজ আউটলেট মাথ্রুভূমি শ্রীশান্তের উদ্ধৃত দিয়েছে, ‘কোনো সাক্ষাৎকারে আমি ভাজ্জিকে নিয়ে কখনো কিছু বলিনি। এই প্রথমবার। সাম্প্রতিক সময় পর্যন্ত কোনো সমস্যা ছিল না। কিন্তু সে আবারো এটা নিয়ে বিজ্ঞাপন বানাল। সেখান থেকে সে ৮০ লাখ থেকে ১ কোটি রুপি আয় করেছে। তারপর আমাকে কল করে বলেছিল যেন এটি নিয়ে একটা স্টোরি শেয়ার করি। আমি তাকে বললাম, ‘আমি তোমাকে ক্ষমা করব, কিন্তু ভুলব না।’ কেউ যদি অপরাধ করে, তাহলে তাকে মাফ করা যায়, কিন্তু ভোলা যায় না। যদি ভুলে যান, তাহলে আবার একই কাজ করবে। সে এটার বড় উদাহরণ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

হরভজনের এই কাণ্ডে শ্রীশান্ত জানান, তার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। ওই চড়কাণ্ডে তাকে ক্ষমা করলেও ভুলে যাননি তিনি, ‘এই লোকটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি তাকে একসময় ভাই ডাকতাম। কিন্তু গত এক দুই মাসে সে ওই বিজ্ঞাপন করেছে। এখন আমি তাকে ইনস্টাগ্রামে ব্লক করেছি।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা-মা আমাকে মাফ করতে শিখিয়েছেন, কিন্তু ভুলতে নয়। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, না তাকে প্রয়োজন আছে। ঈশ্বর তার ও তার পরিবারের ভালো করুন। অনেক সাক্ষাতে এমনকি অশ্বিনের সঙ্গে, সে আমার মেয়েকে নিয়ে কথা বলেছে। অনেকে ভাববে, ‘বাহ, সে কত ভালো’। সে ভালো একজন মানুষ হতে পারে, কিন্তু আমার জন্য, আমার ভারতের হয়ে খেলার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত, এসব একটি ঘটনা। এটি এমন ঘটনা, যেটা শ্রীশান্ত কখনো মেনে নিতে পারে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here