আইপিএলের চলতি আসরে ব্যাটসম্যানদের একক আধিপত্য দেখেছে ক্রিকেট বিশ্ব। অধিকাংশ ম্যাচ ছিল হাই স্কোরিং। এমন পরিস্থিতিতে ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার আইপিএলে ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনতে বেশ কিছু সংস্কারের কথা তুলে ধরেছেন।
তিনি ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি বাতিল করতে চান বলে জানিয়েছেন। একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য ইএসপিএনক্রিকইনফো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের ব্যাটিং গ্রেট এ কথা জানান।
অনুষ্ঠানে টেন্ডুলকার বলেন, ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি তুলে দেওয়া প্রয়োজন। আমার মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে যখন আপনাকে মাত্র ২০ ওভার খেলতে হয়, তখন সেই লাইন-আপে আরও একজন ব্যাটসম্যানকে যুক্ত করা হয়। যেখানে বোলাররা ইতোমধ্যেই চ্যালেঞ্জের মুখে, সেখানে আমি এই ভারসাম্যহীনতাটা দেখতে পাই।
২০২৩ সালে চালু হওয়া ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি দলগুলোকে তাদের একাদশ থেকে একজন ক্রিকেটার বদল করে টসের আগে নির্ধারিত পাঁচজনের তালিকা থেকে আরেকজনকে অন্তর্ভুক্ত করার সুযোগ দেয়। এই নিয়মের প্রধান সমালোচনা হলো, এটি ব্যাটসম্যানদের আরও বেশি স্বাধীনতা দিয়ে ব্যাট করার সুযোগ করে দেয়।
আইপিএলের দুই থেকে তিন মৌসুমে ক্রমবর্ধমান রান রেট ও দলের মোট স্কোরে এর প্রতিফলন দেখা গেছে। আইপিএলে ব্যাট ও বলের মধ্যে অনুভূত ভারসাম্যহীনতা পরিবর্তনের জন্য টেন্ডুলকারের আরও দুটি পরামর্শ ছিল।
তিনি পাওয়ারপ্লে-কে ব্যাটসম্যানদের পাওয়ারপ্লে এবং বোলারদের পাওয়ারপ্লে-তে ভাগ করা কথা উল্লেখ করেছেন। এছাড়াও প্রতিটি ইনিংসে একজন বোলারের জন্য পাঁচ ওভারের কথা তুলে ধরেছেন।
বর্তমানে বিধিনিষেধসহ ছয় ওভারের পাওয়ারপ্লে-তে রিংয়ের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকার অনুমতি রয়েছে। প্রথম চারটি ওভার একই ফিল্ডিং বিধিনিষেধসহ ব্যাটসম্যানদের পাওয়ারপ্লে হোক, এবং এরপর বাকি দুটি পাওয়ারপ্লে ওভার ফিল্ডিং অধিনায়ক তার ইচ্ছামতো নেবেন। পরপর দুটি ওভারের জন্য খেলার যেকোনো পর্যায়ে রিংয়ের বাইরে একজন অতিরিক্ত ফিল্ডারও পাওয়া যাবে।
২৫ জন বিশিষ্ট ক্রিকেটারের জুরির ভোটে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান নির্বাচিত হওয়া টেন্ডুলকার বলেন, ফলে আপনারা (ফিল্ডিং দল) খেলাটিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। তিনি একজন বোলারকে পাঁচ ওভার বল করার অনুমতি দেওয়া উচিত বলে মত দেন। তিনি উল্লেখ করেন, কারণ দলের সেরা বোলারই সেই পঞ্চম ওভারটি বল করবেন। আপনি কি চাইবেন না যে, সেই সেরা বোলার আরও বেশি বল করুক? সেরা ব্যাটসম্যানরা কখনও কখনও ২০ ওভার পর্যন্ত ব্যাটিং করেন। সেরা বোলার কেন পাঁচ ওভার বল করবে না?
কয়েক দিন আগে ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং ‘ছোটখাটো প্রতিযোগিতাগুলোতে অতিরিক্ত ওভারের তত্ত্বটি পরীক্ষা করে দেখার’ কথা বলেছিলেন। অন্যদিকে টম মুডি এবং ইয়ান বিশপ পিচগুলোকে আরও ক্রীড়াসুলভ করার কথা বলেছিলেন, যাতে বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানরাও ন্যায্য সুযোগ পায়।

