উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে অস্ট্রেলিয়ায় পাঠানোর নামে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছিল একটি সংঘবদ্ধ চক্র। তবে শেষ রক্ষা হয়নি। ভুয়া পেজ খুলে ভিসা জালিয়াতি ও বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে রংপুরে এই চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন— নগরীর উত্তম হাজীরহাটের আবুল কাশেমের ছেলে রুহানুর রহমান (২৩), নীলফামারী সৈয়দপুর খাতা মধুপুর এলাকার আব্দুল গফুরের ছেলে শফিক ইসলাম (৩১) এবং কিশোরগঞ্জ ঘোনপাড়া গ্রামের বাদল মিয়ার ছেলে হিমেল ইসলাম (২২)।
দুপুরে নগরীর কলেজপাড়ার একটি হাউজিং সোসাইটির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি বাংলাদেশি ও ২টি ভুয়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট, ভুয়া অফার লেটার, ভিসা ডকুমেন্ট, অর্থ আদায়ের রশিদ এবং ভুয়া বিমানের টিকিটসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এসব তথ্য জানান। তিনি বলেন, চক্রটি অফিসে ব্যানার ও নেমপ্লেট টানিয়ে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করত। এরপর পাসপোর্টে ভুয়া ভিসা পেস্টিং করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত। আটককৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

