অডিটরিয়ামে সোনালি ধানের হাসি ও মালচিং পদ্ধতির সবজি চাষ

0
অডিটরিয়ামে সোনালি ধানের হাসি ও মালচিং পদ্ধতির সবজি চাষ

জমিতে সাধারণত ধান ও সবজির চাষ হয়, তবে এবার কুমিল্লার বুড়িচংয়ে অডিটরিয়ামে মালচিং পদ্ধতিতে সবজি চাষ ও সোনালি ধানের হাসি দেখলো কৃষকরা। এছাড়া দেখলো বিষমুক্ত উপায়ে উৎপাদন করা ফল। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেসে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

রবিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুড়িচং উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। 

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা অডিটরিয়ামে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়েছে। প্রবেশ পথে বর্ণিল গেইট করা হয়েছে। রঙিন ক্যাপ মাথায় সেখানে হাজির কৃষক-কিষানিরা উপস্থিত হয়েছেন। তাদের মাঝে উৎসবের আমেজ। অডিটরিয়ামের একপাশে রঙিন বেলুন ঝুলিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ফ্লোরে জৈব সার দিয়ে মালচিং পেপারে সবজি চাষ ও টবে বিভিন্ন উন্নত জাতের ধান চাষ দেখানো হয়েছে। এছাড়া ফল, ডালসহ বিভিন্ন প্রকার খাদ্য দিয়ে পুষ্টি পিরামিঠ বানানো হয়েছে। এগুলো সবার দৃষ্টি কেড়েছে।

গ্রামের কৃষক মো. মোস্তফা বলেন, এই কংগ্রেসে এসে জানতে পারলাম কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করতে হয়। কিভাবে তা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পারবো। এছাড়া উন্নত জাত চাষে কিভাবে লাভবান হবো তা শিখেছি। প্রদর্শনীর নতুন প্রযুক্তি দেখে নিজেরা সমৃদ্ধ হয়েছি।

নাছিমা আক্তার বলেন, কখন সার ও কীটনাশক দিলে ফসল উৎপাদন ভালো হবে, এছাড়া ফসল নিরাপদ থাকবে তা শিখেছি। এগুলো আগে জানতাম না। এই জানার মাধ্যমে আমাদের আয় আরো বাড়বে।

ফরিদ উদ্দিন বলেন, এই প্রকল্পের মাধ্যমে আমরা উন্নত জাতের ধান চাষ করেছি। এখন জেনে চাষ করায় আমাদের ফসল উৎপাদন কয়েকগুণ বেড়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. ছাদেকুর রহমান, বুড়িচং প্রেসক্লাব সভাপতি কাজী খোরশেদ আলম।

উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার বলেন, আমাদের উপজেলার কৃষক স্কুলের সদস্যরা এই কংগ্রেসে উপস্থিত ছিলেন। এখানে আমরা উত্তম কৃষি চর্চাসহ বিভিন্ন বিষয়ে প্রদর্শনী করেছি। এতে কৃষকরা উপকৃত হয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পার্টনার প্রকল্পের আওয়তায় বিভিন্ন স্থনে কৃষক স্কুল রয়েছে। এই কংগ্রেসে এসে তারা নিজেদের টেকনলজি বিনিময় করেছে। এতে সবাই উপকৃত হবেন। এসব আয়োজনের মাধ্যমে তারা আরো সচেতন হচ্ছেন।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুলতানা ইয়াছমিন ও কৃষক প্রতিনিধি মজিবুর রহমান প্রমুখ। কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন কৃষক অংশগ্রহণ করেন। 

এদিকে, অতিথিরা কৃষকদের মাঝে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফুট পাম্প, এলএলপি, হ্যান্ড স্প্রেয়ার, রিপার, বি স্ট্রং প্রকল্পের আওতায় বীজ সংরক্ষণ পাত্র, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here