পাঁচবিবি সীমান্তে আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা

0
পাঁচবিবি সীমান্তে আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা

জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে জিরো লাইনে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের তৎপরতা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দৃঢ় বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।

​স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের কাছে শূন্যরেখা ঘেঁষে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, জিরো লাইনের (১৫০ গজ) গজের মধ্যে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো বা বেড়া নির্মাণ করা নিষিদ্ধ। কিন্তু বিএসএফ সেই আইন তোয়াক্কা না করেই এই বেড়া নির্মাণের কাজ শুরু করে।

তথ্য পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বেড়া দেওয়ার কাজে বাধা দেয়। বিজিবির অনড় অবস্থানের কারণে ঘটনাস্থলে দুই বাহিনীর মধ্যে একপর্যায়ে উত্তেজনা তৈরি হয়।

বিষয়টি নিয়ে পরে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি জরুরি কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

তবে স্থানীয়দের অভিযোগ, পতাকা বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে বিএসএফ সদস্যরা ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় গোপনে কাঁটাতারের বেড়া স্থাপন করে ফেলেছে। ​

এদিকে ওই সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করেছে এবং কঠোর অবস্থান নিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল থাকলেও পূর্ব উচনা ঘোনাপাড়া ও আশপাশের সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here