দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন বাজারে মরা মুরগি বিক্রি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টায় চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলীবাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের জনৈক মুরগির খামার ব্যবসায়ী কয়েকটি বস্তায় করে মরা মুরগি এনে তারাবি নামাজের পর বেলতলীবাজার এলাকায় কম দামে বিক্রি শুরু করেন। এসময় স্থানীয় লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে মরা মুরগি বিক্রেতা সবার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানান।
এ ঘটনা অবহিত হয়ে ইউএনও ঘটনাস্থলে পুলিশ পাঠান। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই ওই মুরগি ব্যবসায়ী মরা মুরগিগুলো নিয়ে ওই ইউনিয়নের সুখীপীর বাজারের দিকে পালিয়ে যান। ঘণ্টাখানেক পর পুলিশ আসলেও সুখীপীর বাজারসহ কোথাও মুরগি ব্যবসায়ীকে পাওয়া যায়নি।
অন্য মুরগি ব্যবসায়ীরা জানান, খামারে মুরগিগুলো খুব অসুস্থ হয়ে যাওয়ায় খামারেই জবাই করা হয়েছিল। গত তিনদিন ধরে এসব মরা মুরগি বিভিন্ন বাজারে বিক্রি করা হচ্ছিল। এ বাজারে আসাতে ঝামেলা করছেন স্থানীয় লোকজন।
চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. রায়হান আলী বলেন, মরা মুরগি ও অসুস্থ মুরগি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজে কোনো খামার মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

