টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার অভিযোগ তুলে কথা বলায় জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথীকে অবরুদ্ধ করে রাখা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চিকিৎসাসেবা নিতে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ডে রোগীদের ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, শয্যাসংকট ও সেবায় অনিয়ম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় ইন্টার্ন চিকিৎসকদের একটি অংশের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।
ফাতেমা রহমান বিথীর দাবি, রোগীদের দুর্ভোগ নিয়ে কথা বলার সময় কয়েকজন ইন্টার্ন চিকিৎসক তাকে ঘিরে ফেলেন এবং একপর্যায়ে একটি কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখেন। তিনি অভিযোগ করেন, এ সময় ধাক্কাধাক্কি ও শারীরিক লাঞ্ছনার ঘটনাও ঘটে। বিষয়টি প্রশাসনের নজরে এনে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, ঘটনাটি ‘ভুল বোঝাবুঝি’। তিনি জানান, হাসপাতালের অভ্যন্তরে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হওয়ায় কথা কাটাকাটি হয়েছে, তবে মারধরের অভিযোগ সঠিক নয়। মারধরের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

