ভারতের তরুণ বিস্ময় ব্যাটার বৈভব সুর্যবংশী আবারও আলোচনায়। লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র ৮ রান করেই আইপিএলের একটি বড় রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন তিনি।
বুধবার লখনৌতে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে নেমে ১১ বলে দুই চার মেরে ৮ রান করেন সুর্যবংশী। চতুর্থ ওভারেই থেমে যায় তার ইনিংস। তবে এই ছোট ইনিংসেই আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান পূর্ণ করার নতুন রেকর্ড গড়েন এই তরুণ ব্যাটার।
৫০০ রানের মাইলফলকে পৌঁছাতে সুর্যবংশীর লেগেছে মাত্র ২২৭ বল। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলের দখলে, তিনি ২৬০ বলে ৫০০ রান করেছিলেন। তালিকায় এরপর রয়েছেন ভারতের প্রিয়ানশ আরিয়া, তার লেগেছিল ২৭৮ বল।
গত বছর আইপিএলে অভিষেক হয় সুর্যবংশীর। প্রথম মৌসুমেই ৭ ম্যাচে একটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ২৫২ রান করে নজর কাড়েন তিনি।
চলতি আসরেও দারুণ ধারাবাহিক এই ১৫ বছর বয়সী ক্রিকেটার। এখন পর্যন্ত ৭ ম্যাচে দুটি ফিফটিতে করেছেন ২৫৪ রান। সব মিলিয়ে আইপিএলে তার মোট রান দাঁড়িয়েছে ৫০৬।
এদিন ৫০০ রানে পৌঁছাতে মাত্র ২ রান দরকার ছিল সুর্যবংশীর। ইনিংসের প্রথম বলেই প্রিন্স যাদবকে চার মেরে সেই পথ সহজ করেন। পরের বলেও মারেন আরেকটি বাউন্ডারি।

