শ্রীপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

0
শ্রীপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।

পুলিশ ও নিহত কাওসার হোসেনের চাচাতো ভাই মোহাম্মদ আলী শান্ত জানান, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, মো. সোলেমান সিকদার ও কাওসার দুটি মোটরসাইকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে আরেক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে শ্রীপুরের জৈনাবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কাওসার ও সোলেমানের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই বন্ধুর মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here