শৈলকুপায় সংঘর্ষে আহত ভ্যানচালকের মৃত্যু

0
শৈলকুপায় সংঘর্ষে আহত ভ্যানচালকের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ভ্যানচালক একেন আলী মোল্লা (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৯ জুন) রাতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত একেন আলী মোল্লা উপজেলার বগুড়া গ্রামের আদালত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর আওয়াল ও সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত বৃহস্পতিবার (২৫ জুন) জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, গত শনিবার (২৭ জুন) সকালে জামির হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর আওয়ালের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এতে অন্তত পাঁচটি বাড়িঘর ভাঙচুর করা হয় এবং ভ্যানচালক একেন আলী মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পুলিশ জানায়, আহত একেন আলীকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে বগুড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন বলেন, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, একেন আলী মোল্লা আহত হওয়ার ঘটনায় আগে যে মামলা করা হয়েছিল, সেটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here