মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে হাসপাতালের ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে কান্নার শব্দ শুনে হাসপাতালের কর্মীরা শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে ডাস্টবিন-সংলগ্ন এলাকা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান এক নারী কর্মচারী। তিনি বিষয়টি দায়িত্বরত নার্সদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি নবজাতকটিকে সেখানে ফেলে রেখে চলে যায়। উদ্ধারের পরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নুসরাত ফারজানা খান বলেন, উদ্ধারের পরপরই নবজাতককে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া এবং পুলিশ প্রশাসনের সদস্যরা হাসপাতালে যান। নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে হাসপাতালে ফেলে যাওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

