লাইভে ক্ষোভ প্রকাশ জাংকুকের, ভক্তদের দিলেন স্পষ্ট বার্তা

0
লাইভে ক্ষোভ প্রকাশ জাংকুকের, ভক্তদের দিলেন স্পষ্ট বার্তা

কনসার্ট শেষে ভক্তদের সঙ্গে সময় কাটাতে লাইভে এসেছিলেন তিনি। কিন্তু বারবার একই ধরনের মন্তব্যে শেষ পর্যন্ত বিরক্তি প্রকাশ করলেন বিটিএস তারকা জাংকুক। ব্যক্তিগত সিদ্ধান্ত ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানাতে ভক্তদের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন এই কে-পপ তারকা।

সম্প্রতি এক উইভার্স লাইভস্ট্রিমে এসে ভক্তদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন জাংকুক। সেসময় তিনি বিয়ার পান করছিলেন এবং টিকটক ভিডিও দেখছিলেন। তবে লাইভের মন্তব্যের ঘরে অনেক ভক্ত তাকে বারবার লাইভ শেষ করে বিশ্রাম নিতে বা ঘুমাতে যাওয়ার পরামর্শ দিতে থাকেন।

একপর্যায়ে বিরক্তি প্রকাশ করে জাংকুক বলেন, “আমি দুঃখিত, কিন্তু দয়া করে আমাকে ঘুমাতে যেতে বলবেন না। আমার যখন ইচ্ছা হবে, তখনই আমি ঘুমাব।” তিনি আরও বলেন, “আপনাদের উদ্বেগের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু ‘তাড়াতাড়ি ঘুমাতে যাও’-এ ধরনের কথা বলার প্রয়োজন নেই। আমি বাচ্চা নই, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি।”

ভক্তদের আশ্বস্ত করে এই শিল্পী জানান, তিনি দীর্ঘদিন ধরেই অনিদ্রার সমস্যায় ভুগছেন এবং ঘুমানোর জন্য অনেক সময় ওষুধের সহায়তা নিতে হয়। তিনি বলেন, “আমার ঘুম পাচ্ছে না। আমি বরাবরই এমন। আমি জেগে আছি, কারণ আমি নিজেই জেগে থাকতে চাই।”

জাংকুকের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ‘বিটিএস আর্মি’ এর অনেক সদস্য তার অবস্থানকে সমর্থন করে বলেছেন, শিল্পীর প্রতি ভালোবাসা বা উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক, তবে সেটি যেন তার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ন্ত্রণের পর্যায়ে না পৌঁছায়।

বর্তমানে বিটিএস তাদের চলমান ‘আরিরাং ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ব্যস্ত সময় পার করছে। এরই অংশ হিসেবে মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে তাদের সোল্ড-আউট শো শেষ হয়েছে। এরপর ব্যান্ডের পরবর্তী কনসার্ট রয়েছে বেলজিয়ামের ব্রাসেলসে, যেখানে আগামী ১ ও ২ জুলাই কিং বোডুইন স্টেডিয়ামে পারফর্ম করবেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here