বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ

0
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ

বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার জাতীয় সংসদে বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে দেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং খাত নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাই বর্তমান বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আর্থিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।

বিরোধীদলীয় নেতাও ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার কথা বলেছেন বলে উল্লেখ করেন তিনি।

‌‘বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরইমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্ট পাঠিয়েছে এবং শুধু তাই নয় এই মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো’ বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে যারা এই কাজগুলো করে তাদের সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসপোজাল এগ্রিমেন্ট স্বাক্ষর করে ফেলেছে সরকার।’

বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইন-কানুনের মাধ্যমে যত দ্রুত এবং যত বেশি সম্ভব পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনা যায়, তা আনা হবে বলেও সংসদে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here