বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এর মাধ্যমে তিনি কুমিল্লা জেলার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ জারি করে। রোজী আক্তার বিসিএস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, ‘পদায়ন সরকারি চাকুরির একটি নিয়মিত বিষয়। তবে আমি কুমিল্লায় কাজ করে বুঝতে পারলাম কুমিল্লার মানুষ খুবই আন্তরিক।’
উল্লেখ্য, মু. রেজা হাসান ২০২৫ সালের ১৮ নভেম্বর কুমিল্লার জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

