বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

0
বগুড়ায় টিএমএসএসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস।

রবিবার বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন স্মার্ট প্রকল্পের আওতায় পিসিকালচার উপ-প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিবেশ সচেতনতা বৃদ্ধিবিষয়ক প্রচারণা, বৃক্ষরোপণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

টিএমএসএসের যুগ্ম পরিচালক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাহালু উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুর নবী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এখন শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা এম ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী ও সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুসসহ প্রকল্প-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ সংকট মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে। বর্তমানের সচেতন উদ্যোগই আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও প্রচারণামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে টিএমএসএসের কর্মকর্তা-কর্মচারী, স্মার্ট পিসিকালচার প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মডেল পরিবেশ ক্লাবের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here