ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকালে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় ও প্রতারণার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা বিআরটিএ আদালত-৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই।
আদালত সূত্রে জানা গেছে, বহিরাগত কয়েকজন ব্যক্তি বিআরটিএ কার্যালয়ের ভেতরে অবস্থান করে বিভিন্ন সেবাপ্রার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছিলেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. আব্দুল সালাম ও মো. পিন্টুকে ৪০ দিন করে এবং নুর মোহাম্মদ ও মো. ইয়াছিন আরাফাতকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই বলেন, বিআরটিএ কার্যালয়কে দালালমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি সেবা গ্রহণে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যেই এ কার্যক্রম চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্তদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিআরটিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

