ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

0
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সুমন মিয়া (২৭) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারভুক্ত আসামি। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের চিত্রি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার সুমন মিয়া একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সুমন মিয়ার বিরুদ্ধে আদালতের নির্দেশে নবীনগর থানায় মামলা হয়। মামলা দায়েরের পর থেকেই সে আত্মগোপনে চলে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশ একাধিক স্থানে অভিযান চালালেও বারবার অবস্থান পরিবর্তন করায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে, সুমন মিয়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা জেলের ছদ্মবেশ ধারণ করেন। এরপর মেঘনা নদীর তীরবর্তী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here