মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কল্যাণমূলক বিষয় নিয়ে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২টায় মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী হুলহুমালে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন হলরুমে (চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের কার্যক্রমের উপর) গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম। তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত মনোযোগ সহকারে শোনেন।
সভায় দূতাবাসের কন্সুলার সহকারী মো. ইবাদ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দূতালয়ের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, সহ-সভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পক্ষ থেকে মো. দিদারুল আলম ভুঁইয়া ও প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে মো. দুলাল আল মাইজভান্ডারীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও মালদ্বীপে অবস্থানরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও সাধারণ প্রবাসী এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

