বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার দেশ কেপ ভার্দের সঙ্গে ড্র হওয়ার পর অনেকটা চাপে রয়েছে স্পেন। শিরোপার লক্ষ্যে এগিয়ে নিতে রবিবার (২১ জুন) বাংলাদেশ সময় রাত ১০ টায় সৌদি আরবের মুখোমুখি দলটি। এ ম্যাচের আগের নিজেকে শতভাগ উজার করে দেওয়ার কথা জানালেন স্পেনের তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল।
তরুণ স্প্যানিশ তারকা বলেছেন, তার নবীন ক্যারিয়ারে উন্নতির এখনও অনেক সুযোগ রয়েছে এবং সমর্থকরা এখনও তার সেরাটা দেখেনি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এই ফুটবলার বলেন, মানুষ আমাকে যতটা ভালো মনে করে, আমি নিজেকে তার চেয়ে অনেক বেশি ভালো ভাবি। আমি জানি সামনের পথটা অনেক দীর্ঘ এবং আমার অনেক কিছুতে উন্নতি করার আছে।
বিশ্বকাপের আগে ইয়ামাল চোটের সঙ্গে লড়াই করেছেন। প্রথম ম্যাচে শেষ মুহূর্তে বদলি হিসেবে নামার পর সৌদি আরবের বিপক্ষে স্পেনের ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।
সাক্ষাৎকারে এই উইঙ্গার বলেন, আমি জানি মানুষ আমাকে এমনভাবে দেখে যেন, এটাই আমার স্তর এবং এখানেই শেষ। কিন্তু আমার এই আত্মবিশ্বাসকে আমি অনেক কিছুর জন্য ব্যবহার করতে পারি। আমি জোর দিয়ে বলছি, আমার এখনও অনেক দূর যেতে হবে, অনেক উন্নতি করার আছে। অনেক, অনেক, অনেক ফুটবল খেলতে হবে।
বার্সেলোনার হয়ে ক্লাব ফুটবল খেলা ইয়ামাল বলেছেন, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির মতো ৪০ বছর বয়সে শীর্ষ পর্যায়ে খেলতে পারবেন কিনা, সে বিষয়ে তিনি সন্দিহান। তিনি বলেন, অসম্ভব। আমার মতে, মেসিই সেরা এবং তিনি তা ক্রমাগত প্রমাণ করে চলেছেন। সবার চেয়ে তার একটি বাড়তি সুবিধা রয়েছে এবং তার বয়স ৪০ বছর।
ইয়ামাল বলেন, তিনি রাস্তায় ফুটবল খেলা শুরু করেছিলেন, যেখানে অন্যরা প্রায়শই স্থানীয় ক্লাব থেকে খেলা শুরু করে এবং খেলা উপভোগ করার পরিবর্তে তাদের কী করতে হবে তা বলে দেওয়া হয়।
তিনি বলেন, এখনকার উঠে আসা খেলোয়াড়দের নিয়ে আমি যে সমস্যাটি দেখি তা হলো, তারা চার বছর বয়সে একটি ফুটবল দলে যোগ দেয় এবং দলে তাদের বলা হয়। ঠিক আছে ফুল-ব্যাককে বল নিয়ন্ত্রণ করে উইঙ্গারকে পাস দিতে হবে। এছাড়াও উইঙ্গারকে বল নিয়ন্ত্রণ করে মিডফিল্ডারকে পাস দিতে হবে।
এই ফুটবলার বলেন, ১৩ বছর বয়স থেকে বিখ্যাত হওয়ার একটি মূল্যও দিতে হয়েছে, যার ফলে তিনি কেনাকাটা বা সিনেমা দেখতে যাওয়ার মতো সাধারণ কাজগুলোও করতে পারতেন না, কারণ তাকে সবসময় চেনা যেত।

