সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

0
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। পুরো ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ডাচরা, আর তাদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি সুইডিশরা।

এই জয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ডাচরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল সুইডেন।

হিউস্টনের ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় নেদারল্যান্ডস। প্রথমার্ধে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন ব্রায়ান ব্রবি। দ্রুতগতির আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ে সুইডেনের রক্ষণভাগকে বারবার চাপে ফেলে ডাচরা।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে নেদারল্যান্ডস। লিভারপুল তারকা কোডি গাকপো দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে ব্যবধান বড় করেন। ৫৪তম মিনিটে দারুণ এক শটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন তিনি।

গাকপোর সেই গোলটি চলতি বিশ্বকাপের ১০০তম গোল হিসেবেও ইতিহাসে জায়গা করে নেয়। মাত্র ৩৩ ম্যাচেই শততম গোলের মাইলফলক স্পর্শ করেছে এবারের আসর। ১৯৫৮ সালের পর এত দ্রুত বিশ্বকাপে ১০০ গোলের দেখা মেলেনি।

চার গোল হজমের পর ৫৯তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে একটি গোল শোধ দেয় সুইডেন। বদলি খেলোয়াড় অ্যান্থনি এলাঙ্গা গোল করে ব্যবধান কিছুটা কমান।

তবে শেষ মুহূর্তেও থামেনি নেদারল্যান্ডস। ম্যাচের ৮৯তম মিনিটে ক্রিসেনসিও সামারভিল দারুণ এক ফিনিশিংয়ে পঞ্চম গোলটি করেন। তার গোলেই ৫-১ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে ডাচরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here