কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।
শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এর আগে জাতীয়তাবাদী লেখক ফোরাম আয়োজিত শেষ বিদায় অনুষ্ঠানে কবির দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান। বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
কবিকে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, কবি আবদুল হাই শিকদার, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, শাহীন রেজা, তপন বাগচী, রাজু আলীম ও আবিদ আজমসহ অনেকে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘদিন বাংলাদেশের সাহিত্যের জগতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন আল মুজাহিদী। কবিতা, গল্প, উপন্যাস, অনুবাদসহ সাহিত্যের নানা শাখায় অবাধ বিচরণ ছিল তার। সংস্কৃতিমনস্ক জাতি গঠনে তার অবদান দীর্ঘদিন মনে রাখবে দেশবাসী।
আবদুল হাই শিকদার বলেন, আমাদের মাথার ওপর একজন অভিভাবক ছিলেন আল মুজাহিদী। ষাটের দশকের ছাত্রনেতা, একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বরেণ্য সাংবাদিক আল মুজাহিদীর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
পরে দুপুর ১২টায় আল মুজাহিদীর মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে। সেখানে কবির ইচ্ছা অনুযায়ী জানাজা পরিচালনা করেন মাওলানা মাসুম বিল্লাহ। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।

