নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কনের চাচার মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ রূপ নিল বিষাদে। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত নকুল মল্লিক (৫২) ওই গ্রামের মৃত সতিস চন্দ্র মল্লিকের ছেলে।
পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মুসুড়ি গ্রামে শুক্রবার রাতে নকুল মল্লিকের ভাতিজির বিয়ের অনুষ্ঠানে আনন্দ উৎসব ও ধুমধাম চলছিল। একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বর ও বরযাত্রী রাত ৮টার দিকে বিয়ে বাড়ির গেটে পৌঁছায়। বরের আগমনে বিয়ের জন্য সাজানো গেটে নতুন বরকে বরণ করতে অন্যদের সঙ্গে গেটে যান নকুল মল্লিক।
এ সময় বিয়ে বাড়ির আলোকসজ্জায় ব্যবহৃত বিদ্যুতের তারের ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কনের চাচা নকুল মল্লিক। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নকুলের মৃত্যুতে বিয়ে বাড়ির আনন্দ বিষাদে রূপ নেয়। স্বজনসহ উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আইনি প্রক্রিয়া শেষে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী নকুল মল্লিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

