গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মিন্টু চন্দ্র মোহন্ত (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মাদ মোজাম্মেল হক। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ এলাকায় খাস পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মিন্টু চন্দ্র মোহন্ত ওই এলাকার মৃত নিশিকান্তের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মিন্টু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাঝেমধ্যে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেতেন। পাশাপাশি মিন্টু একজন মৃগী রোগী ছিলেন। এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন রাত ১০টার দিকে মিন্টু বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুইদিন পর শুক্রবার সন্ধ্যায় উপজেলার কামারদহ ইউনিয়নের লালবাগ এলাকায় একটি খাস পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহতের ছোট ভাই গৌতম কুমার বলেন, প্রথমে লোকমুখে পুকুরে মরদেহ ভাসার কথা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বড় ভাইয়ের লাশ সনাক্ত করি।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মাদ মোজাম্মেল বলেন, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ প্রতিবেদন হাতে পাওয়ার পর জানা যাবে।

