যুক্তরাষ্ট্রের সঙ্গে সব আলোচনা ইরানের নির্ধারিত ‘রেড লাইন’ মেনেই হবে বলে জানিয়েছেন দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি বলেন, ইরান নিজের শর্ত ও জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা তার এই বক্তব্য প্রকাশ করেছে। গালিবাফ বলেন, অতীতের মতো এবারও তেহরান তার শর্তে অটল থাকবে। কেউ সীমা অতিক্রম করলে শক্ত জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা কঠোর প্রতিক্রিয়া দেখাতে পিছপা হব না।’
যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর গালিবাফের এই বক্তব্য আসলো। এই চুক্তির মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক যুদ্ধ বন্ধের পথ তৈরি হয়েছে।
চুক্তিতে ৬০ দিনের একটি আলোচনার সময়সীমা রাখা হয়েছে। এই সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে। তবে চূড়ান্ত সমঝোতার আলোচনা ঠিক কবে শুরু হবে, তা এখনো স্পষ্ট নয়। সুইজারল্যান্ডে নির্ধারিত প্রথম বৈঠকও স্থগিত হয়েছে।
এই সমঝোতায় ইরানের বন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, এবং ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি কোনো ফি ছাড়াই চালু রাখার বিষয়ও আছে। পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না—এমন প্রতিশ্রুতিও উল্লেখ রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি চুক্তিটি অনুমোদন করেছেন, তবে তিনি বলেছেন এতে যুক্তরাষ্ট্রের মত মেনে নেওয়া হয়নি।
তবে দেশটির রক্ষণশীল মহলের কিছু অংশ চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তারা বলছে, অতীতে যুক্তরাষ্ট্র চুক্তি মানেনি, তাই এবারও সতর্ক থাকা দরকার।

