আরও একা হয়ে গেলেন পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি। এবার তার হাত ছাড়লেন তারই ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু।
তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করলেন সাবেক এই মন্ত্রী। শুক্রবার তিনি তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন দলনেত্রী মমতা ব্যানার্জিকে।
নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে মমতা ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা মুখ্যমন্ত্রীর উদ্দেশে হাতে লেখা চিঠিতে বলেন, দীর্ঘদিন যাবৎ আমি শারীরিক অসুস্থতায় ভুগছি। আমার ৩৫০-এর উপর সুগার, কিডনিও খারাপ হয়ে গেছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে আমার সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন এবং কোনো প্রকার মানসিক ও শারীরিক চাপ নেওয়া সম্ভব নয়। এমতাবস্থায়, দলের জাতীয় কর্ম সমিতির সদস্য পদের দায়িত্ব পালনে অব্যাহতি চেয়ে নিলাম।
সদ্য শেষ হওয়া ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর শেষবার গত শনিবার দলের সাংগঠনিক পদে রদবদল করা হয়েছিল। তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটিতে (জাতীয় কর্ম সমিতি) জায়গা দেওয়া হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই সেই পদ থেকে পদত্যাগ করলেন তিনি।
তৃণমূলের অত্যন্ত প্রভাবশালী নেতা বলে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক ১৯৯৮ সালে দলের প্রতিষ্ঠার সময় থেকেই সাথে ছিলেন। ২০১১ সাল থেকে পরপর তিনটি মেয়াদে হাবড়া আসন থেকে বিধায়ক হন। তারও আগে গাইঘাটা আসনের বিধায়ক ছিলেন তিনি। ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী ছিলেন। এরপর বন (ফরেস্ট) মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। উত্তর ২৪ পরগনা জেলায় দলের সংগঠন বিস্তারে গত ২ দশক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জ্যোতিপ্রিয় এর উপরে।
অন্যদিকে এদিনই শিলিগুড়ি পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন গৌতম দেব। পৌর কমিশনার অশ্বিনী কুমার রায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। তবে কী কারণে এই পদত্যাগ, তা এখনো জানা যায়নি।
২০১১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্র থেকে জিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী হয়েছিলেন গৌতম। ২০১৬ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর পর্যটনমন্ত্রী হন তিনি। ২০২১ সালের নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান।
২০২৬ সালে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। হেরে যান বিজেপি প্রার্থী তথা রাজ্যের বর্তমান মন্ত্রী শঙ্কর ঘোষের কাছে। এরই মাঝে ২০২২ সালের শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনে গৌতমের নেতৃত্বে জয় পেয়েছিল তৃণমূল। এবার সেই পুরনির্বাচনও হাতাছাড়া হচ্ছে তাদের।

