ময়মনসিংহের ভালুকা উপজেলায় বসবাসরত সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন। বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে গুরুত্ব দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মো. মাইন উদ্দিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ আহমেদ রাজীব।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

