কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তল, খালি ম্যাগাজিন ও গুলিসহ কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মনছুর আলমকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ থানার ঝর্ণা চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকায় একটি দোতলা বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৬টার দিকে র্যাব সদস্যরা ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মনছুর আলম পালানোর চেষ্টা করলে তাকে ঘেরাও করে আটক করা হয়।
গ্রেফতারকৃত মনছুর আলম সাবরাং ইউনিয়নের বাসিন্দা এবং জহির আহমদের ছেলে। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি অবৈধভাবে নিজের হেফাজতে রাখার অভিযোগে মনছুর আলমের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। জব্দ করা আলামতসহ তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের দাবি, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারণ করা হবে।

