তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ বেতার আয়োজিত বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা সম্মেলনকেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, তথ্যপ্রযুক্তির ইতিবাচক ব্যবহার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও বার্তা প্রচার করা হয়।
বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম সরকারের উন্নয়ন কর্মসূচিকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বেতারের খ্যাতিমান শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে এবং এর মধ্য দিয়ে আয়োজনের সার্থক পরিসমাপ্তি ঘটে।
এ সময় উপস্থিত ছিলেন মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মো. শাহ আলম, অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক; রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্ম সচিব ও উপপ্রকল্প পরিচালক; মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল ইসলামসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট দফতরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীরা এবং সর্বস্তরের জনগণ।

