সাতক্ষীরার কালীগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারের ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় অফিসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।
তবে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কৃষ্ণনগর বাজারে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। পরে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইদ্রিস আলী জানান, শুক্রবার রাতে তিনিসহ ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম, সদস্য রওশন কাগুজিসহ বেশ কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। পরে রাত ১০টার দিকে কার্যালয়ে তালা দিয়ে তারা পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। এ সময় বিকট শব্দ শুনে দ্রুত ফিরে এসে কার্যালয়ের দরজা খুলে ভেতরের এক কোণে আগুন জ্বলতে দেখেন। পরে আগুন নিভিয়ে ফেলা হয়।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিরোধী কোনো পক্ষ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

