চলতি বছরে জেলাজুড়ে ৭ লাখ ৮২ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে নেত্রকোনায় শুরু হয়েছে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি। শনিবার দুপুরে স্থানীয় শিক্ষার্থীদের উপহার হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হক।
এদিন সদর উপজেলা পরিষদের চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের ১০০ শিক্ষার্থীকে গাছের চারা উপহার দেওয়া হয়। পরে সড়ক বিভাগের উদ্যোগে চল্লিশা নতুন বাইপাস সড়কে গাছের চারা রোপণ করে কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য।
এ সময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনসহ কৃষি, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় এনজিওগুলোর প্রধানেরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলার প্রতি উপজেলায় ৭২ হাজার ৮০০ গাছ এবং প্রত্যেক ইউনিয়নে ৯ হাজার ৯০টি করে গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তা জসিম উদ্দিন জানান, প্রথম দিনে ১০০ গাছের চারা এবং মোট ২৫ হাজার চারা রোপণের লক্ষ্য রয়েছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন জানান, প্রথম দিনে ৫০টি বিভিন্ন সৌন্দর্যবর্ধক চারা রোপণ করা হচ্ছে। এছাড়া সড়ক বিভাগের আওতায় মোট ১০ হাজার চারা রোপণ করা হবে।
জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, প্রতি উপজেলায় প্রথম দিনে এক হাজার করে গাছের চারা শিশুদের উপহার এবং ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে চারাগাছ লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

