ময়মনসিংহে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

0
ময়মনসিংহে যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা। কমিটি ঘোষণাকে ঘিরে রাজপথে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুনতাসীর মনির নেতৃত্বে মিছিলটি শহরের ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়। পরে গাঙ্গিনাপাড় মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজারে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি।

মিছিলজুড়ে নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ।

সমাবেশে মুনতাসীর মনির বলেন, দেশনায়ক তারেক রহমান যুবদলের যে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন তা আগামী দিনের আন্দোলন সংগ্রামকে আরও বেগবান করবে। এ কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় যুবদলের হাতকে শক্তিশালী করতে ময়মনসিংহের যুবসমাজ প্রস্তুত রয়েছে।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এ জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতাকর্মীরা।

এ সময় জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here