ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক

0
ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান নীতি ও দীর্ঘদিনের কৌশলগত লক্ষ্য কার্যত ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি লেখক ও কলামিস্ট গিদিয়ন লেভি। 

তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এককভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো উগ্র ডানপন্থী মন্ত্রীদের বক্তব্য ‘বিপর্যয়ের রেসিপি’।

এক সাক্ষাৎকারে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে গিদিয়ন লেভি বলেন, “কারণ তারা কোনও কিছুর জন্য জবাবদিহি করে না, তাই তারা বলতে পারে- চলুন আমরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও যাই এবং নিজেদের শক্তিতেই যুদ্ধ করি। কিন্তু বাস্তবে আমরা একা এটি করতে পারি না।”

তিনি আরও দাবি করেন, নেতানিয়াহু বহু বছর ধরে ইরানের সরকার উৎখাতের লক্ষ্য সামনে রেখে নীতি পরিচালনা করলেও সাম্প্রতিক ঘটনাবলি সেই কৌশলের ব্যর্থতাই প্রমাণ করছে।

লেভির ভাষায়, “তার জীবনের প্রকল্প ছিল ইরান। তার বিশ্বাস ছিল যে, সামরিক শক্তি দিয়ে ইরানকে পরাজিত করা সম্ভব। কিন্তু ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক দুই দফা সংঘর্ষে এটি ভুয়া প্রমাণিত হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি নিশ্চিত তিনি এখন বুঝতে পারছেন যে, তার সেই ‘জীবন প্রকল্প’ ব্যর্থ হয়েছে। তিনি তা স্বীকার করেন না, কারণ তা স্বীকার করা খুবই কঠিন। কিন্তু বাস্তবতা হলো- কিছুই পরিবর্তিত হয়নি। ইরানে কোনও লক্ষ্যই অর্জিত হয়নি এবং আরও সহিংসতার মাধ্যমে তা অর্জন করাও সম্ভব নয়।”

গিদিয়ন লেভির এই মন্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক ও আঞ্চলিক নিরাপত্তা কৌশল নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে ইসরায়েলের দীর্ঘমেয়াদি কৌশল এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে নতুন বাস্তবতার চাপ বাড়ছে। সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here