ফরিদপুরের ভাঙ্গায় থানার মধ্যে এক কৃষক দল নেতাকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন মোল্লা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই নেতার নাম ফারদিন হাসান ওরফে উজ্জ্বল (৩২)।
তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। ফারদিন হাসান ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের চৌধুরীকান্দা সদরদী মহল্লার বাসিন্দা। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভাঙ্গা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন ও মিছিল করেছেন ওই কৃষক দল নেতার সমর্থকেরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল মাতুব্বর, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, উপজেলা কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা।
ফারদিন হাসান বলেন, ‘‘আমি আমার প্রতিবেশীকে খাবার ও ওষুধ দেওয়ার জন্য থানার ভেতরে গিয়েছিলাম। তখন এসআই মো. কবির মোল্লা আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কে?’ আমি বলি, যাকে ধরে এনেছেন সে আমার এলাকার ভাই হয়। এ কথা শোনার পরপরই তিনি আমাকে মারধর করেন।’’
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান বলেন, ‘গতকাল রাতে আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন হাসানের প্রতিবেশীকে পুলিশ আটক করলে তিনি খোঁজ নিতে যান। সেখানে এসআই কবির মোল্লা তাকে মারধর করেছেন বলে জানতে পেরেছি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে জানতে ভাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা বলেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে একটি ঘটনা ঘটেছে, আমি তার কাছে ক্ষমা চেয়েছি।’ তিনি আরও বলেন, ‘গতকাল একটি ঘটনায় ফারদিন হাসান থানায় এলে তার সাথে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তবে মারধর করা হয়নি।’
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ার দিপু বলেন, ‘অভিযাগটি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

