নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

0
নোয়াখালীর বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তলসহ যুবক আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

আটক যুবকের নাম মো. রাহিম (২১)। তিনি গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ভূঁইয়া বাড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান ও চেকপোস্ট বসিয়ে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিকেলে গোপালপুর-বাংলাবাজার সড়কে একটি চেকপোস্ট বসানো হয়।

এ সময় একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে যাওয়ার সময় রাহিমকে থামানো হয়। তার আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। একপর্যায়ে তার কোমরে রাখা অবস্থায় ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অস্ত্রগুলোর উৎস ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here