লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই কিশোর ভাইয়ের সন্ধান ২৪ ঘণ্টা পেরিয়েও মেলেনি। সোমবার দ্বিতীয় দিনের মতো রংপুর ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, নদীতে তীব্র স্রোত ও ঘূর্ণিপাক থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
নিখোঁজ দুই ভাই হলো মোগলহাট বাজারের ব্যবসায়ী মোহাম্মদ হেলাল উদ্দিনের ছেলে সাব্বির (১৬) ও শাওন (১৪)। তারা মোগলহাট উচ্চবিদ্যালয়ের নবম ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে দুই ভাই ও তাদের এক বন্ধু ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে তারা তলিয়ে যেতে শুরু করে। নদীর তীরে থাকা এক ব্যক্তি মেহেদী নামে এক কিশোরকে উদ্ধার করতে সক্ষম হলেও সাব্বির ও শাওন তীব্র স্রোতের টানে নদীগর্ভে হারিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারচেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। সোমবার সকালে অভিযানে যোগ দেয় রংপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের বিশেষ ডুবুরি দল।
সরেজমিনে দেখা যায়, নিখোঁজ দুই কিশোরের স্বজনরা নদীর তীরে অপেক্ষা করছেন। সন্তানদের ফিরে পাওয়ার আশায় মা-বাবা ও পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রোকন উজ্জামান বলেন, খবর পাওয়ার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রংপুর থেকে আসা ডুবুরি দলও আমাদের সঙ্গে কাজ করছে। তবে সাম্প্রতিক বৃষ্টির কারণে নদীর পানির গভীরতা ও স্রোত দুটোই অনেক বেশি। এ কারণে উদ্ধারকাজে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিখোঁজ দুই কিশোরকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।
দুই কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় মোগলহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের সন্ধান পাওয়ার আশা করছেন।

