২০০৬ সালের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ।
সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের কাছাকাছি একটি হোটেলে দেওয়া ভাষণে পেরেজ নিজের বিজয় ঘোষণা করেন, আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনরিক রিকুয়েলমে পরাজয় স্বীকার করেন।
পেরেজ বলেন, ‘আমরা রিয়াল মাদ্রিদের নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় সেরা ফলাফল অর্জন করেছি। এটি একটি অসাধারণ ফলাফল। আজ রিয়াল মাদ্রিদেরই জয় হয়েছে। আমরা বিশ্বকে গণতন্ত্রের একটি উদাহরণ দেখিয়েছি। রিয়াল মাদ্রিদ যেন ট্রফি জয় অব্যাহত রাখতে পারে, সেজন্য আমরা কাজ করে যাব। অংশগ্রহণকারী সবাইকে আমি ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা এখনও অনেক ইতিহাস গড়ব।’
ক্লাবের নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পেরেজ ২১,৭৪১ ভোট পেয়ে মোট ভোটের ৬৫ শতাংশ অর্জন করেন। অন্যদিকে রিকুয়েলমে ১১,৮১৪ ভোট পেয়ে ৩৫ শতাংশ সমর্থন লাভ করেন।
৭৯ বছর বয়সী পেরেজ ২০০৯ সাল থেকে রিয়াল মাদ্রিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্তও এই পদে ছিলেন।
তাঁর সভাপতিত্বে রিয়াল মাদ্রিদ সাতটি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি সাতটি লা লিগা শিরোপা জিতেছে।

