ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!

0
ক্রিশ্চিয়ানো রোনালদো: ১.৪ বিলিয়ন ডলারের মালিক, কিন্তু মন পড়ে আছে ট্রফিতে!

বয়স ৪১ ছুঁইছুঁই, কিন্তু ফুটবল মাঠে তিনি এখনও সেই চিরতরুণ গোলমেশিন। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপে পা রাখছেন সম্পূর্ণ নতুন এক ইতিহাস নিয়ে। 

মার্কিন সাময়িকী ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১.৪ বিলিয়ন ডলারের নেট ওর্থ বা সমপরিমাণ সম্পদ নিয়ে তিনি এই টুর্নামেন্টের ইতিহাসের প্রথম এবং একমাত্র ‘বিলিয়নিয়ার’ ফুটবলার হিসেবে মাঠে নামবেন। বাণিজ্যিক ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং সৌদি ক্লাব আল-নাসরের সাথে চোখ কপালে তোলার মতো চুক্তির সুবাদে তিনি বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ উপার্জনকারী অ্যাথলেট।

তবে মাঠের বাইরে টাকার পাহাড় থাকলেও, সিআরসেভেনের (CR7) মূল লক্ষ্য কিন্তু মাঠের ভেতরের সেই অধরা সোনালী ট্রফি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলা রোনালদো ২০২৬ সালে নিজের ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আসরে অংশ নিতে যাচ্ছেন। 

এর আগে পর্তুগালের হয়ে পাঁচটি বিশ্বকাপে ২২টি ম্যাচ খেলে ৮টি গোল করেছেন তিনি। গত কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে পর্তুগালের বিদায়ের পর রোনালদোর অশ্রুসিক্ত চোখ ফুটবল বিশ্বকে কাঁদিয়েছিল। তবে এবার থমাস টুখেলের ইংল্যান্ড বা মেসির আর্জেন্টিনার মতোই শক্তিশালী স্কোয়াড পেয়েছে পর্তুগাল। 

ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভাদের নিয়ে গড়া এই পর্তুগাল দল এবার তাদের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে রাজকীয় বিদায় দিতে মরিয়া। ফুটবলের সব রেকর্ড নিজের করে নেওয়া রোনালদো সময়ের বিরুদ্ধে এই শেষ যুদ্ধে ট্রফি জিতে ট্র্যাজিক হিরো থেকে রূপকথার নায়ক হতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here