মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব’র তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে পুরাতন কমিটি ভেঙে দিয়ে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বিডিনিউজ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খানকে আহ্বায়ক, একাত্তর টিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুকে সদস্য সচিব ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানকে সদস্য করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
রবিবার পাহাং রাজ্যের বেন্তংয়ে এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয় কমিউনিটি প্রেসক্লাবের সাংবাদিকরা।
পরে বিদায়ী কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। যেখানে মেয়াদ শেষ হওয়ায় পুরাতন কমিটি বিলুপ্ত ও আগামী ১৫ জুনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়।
এর আগে কমিউনিটি প্রেস ক্লাবের ডাকা বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সালের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা ও সংগঠনকে গতিশীল ও নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে সবাই ঐকমত্য হয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে ২০১০ সালে গঠন করা হয় কমিউনিটি প্রেসক্লাব। সেই সময় থেকেই বাংলাদেশ কমিউনিটির অবিচ্ছেদ্য অংশ হয়ে কাজ করছে এই প্রেসক্লাবের সাংবাদিকরা। প্রবাসীদের সময়মতো বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পৌঁছে দিতে বদ্ধপরিকর কমিউনিটি প্রেসক্লাবের সাংবাদিকরা।

