বগুড়ায় বাঙালি নদীতে ভেসে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

0
বগুড়ায় বাঙালি নদীতে ভেসে যাওয়া স্কুলছাত্রের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙালি নদীতে গোসলে নেমে পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শ্রী তীর্থ সাহার (১৭) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর শনিবার (৬ জুন) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তীর্থ সাহা সোনাতলা নতুন বন্দর এলাকার শ্রী দীপক সাহার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে তীর্থ সাহা তার মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, চাচি লক্ষ্মী কর্মকার, চাচাতো ভাই বিশাল সাহা ও চাচাতো বোন ভূমি সাহাসহ পরিবারের কয়েকজন সদস্যের সঙ্গে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট এলাকায় বাঙালি নদীতে গোসল করতে যান। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে সোনাতলা ফায়ার সার্ভিসের সদস্যরা এবং রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় শুক্রবার রাতের জন্য অভিযান স্থগিত করা হয়।

পরে শনিবার ভোরে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হলে সকাল ৭টার দিকে আড়িয়াঘাট সেতুর নিচ থেকে তীর্থ সাহার মরদেহ উদ্ধার করা হয়।

সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here