কুমিল্লার হোমনা পৌরসভায় বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব জননিরাপত্তার জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। গত দুই দিনে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে পাগলা কুকুরের আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, কুকুরগুলো হঠাৎ করেই পথচারী ও বাসাবাড়ির লোকজনের ওপর আক্রমণ চালাচ্ছে। কেউ বাড়ির উঠানে কাজ করার সময়, আবার কেউ রাস্তা দিয়ে চলাচলের সময় আক্রান্ত হয়েছেন। অন্যকে উদ্ধার করতে গিয়েও কয়েকজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. মতিউর রহমান (৫০), শাহিদা (৪২), সালেহা বেগম (৫৫), বিল্লাল (৬২), তৈয়বা আক্তার (১০), ইমরান (২৩), সর্বচন্দ্র দাস (৭০), রেখা রানী (৪৫), জীবন মিয়া (৬০) ও বীথি আক্তার (৩২) এবং বৃহস্পতিবার সুরিয়া আক্তার (৩৫), কুমুদি (৬০), শিউলী (৪৬), রেখা রানী দাস (৪০) ও সাবিনা ইয়াছমিন (৩৫) আহত হন। এছাড়া আরও বেশ কয়েকজন চিকিৎসা নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত মো. মতিউর রহমান বলেন, সকাল সাড়ে ৮টার দিকে বাড়িতে যাওয়ার পথে একটি কুকুর পেছন দিক থেকে আমার এক পায়ে কামড় দেয়। প্রতিহত করতে গেলে সেটি আরও ক্ষিপ্ত হয়ে অন্য পায়েও কামড় দেয়। দুই দিনে অন্তত ২৫ থেকে ৩০ জনকে কুকুরটি কামড়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পৌর যুবদলের আহ্বায়ক মো. আলমগীর হোসেন জানান, তার ছোট বোন বীথি আক্তার বুধবার সন্ধ্যায় বাড়ির উঠানে পাগলা কুকুরের আক্রমণের শিকার হন। তিনি বলেন, দুই দিনে প্রায় ৩০ জন মানুষ আক্রান্ত হয়েছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার জরুরি বিভাগে ১০ জন এবং বৃহস্পতিবার ৫ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া বহির্বিভাগে বুধবার ৩ জন ও বৃহস্পতিবার ২ জনসহ মোট ২০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। অন্যরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শহিদুল্লাহ বলেন, কুকুরের কামড়ে আহত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে জলাতঙ্ক (র্যাবিস) প্রতিরোধী টিকার সংকট রয়েছে। ফলে রোগীদের বাইরে থেকে টিকা সংগ্রহ করে চিকিৎসা নিতে হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বলেন, দিনের বেলায় বিষয়টি আমাদের জানানো হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করছে।

