ঝিনাইদহে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে একজন গণধোলাইয়ের পর মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের ঝিনুক মালা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহত বিল্লাল মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত আলী বিশ্বাসের ছেলে। ঘটনার পর সদর থানায় শিশুটির মা সীমা খাতুন বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিল্লাল ঝিনুক মালা আবাসন প্রকল্পে ৭ দিন আগে একটি ঘর ভাড়া নেয়। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ভুক্তভোগী শিশুটিকে মিষ্টি খাওয়ার প্রলোভন দেখান তিনি। একপর্যায়ে শিশুটির হাতে দশ টাকা দিয়ে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে। পরে উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
পুলিশ তাকে মারাত্মক আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র জানান, যৌন নিপীড়নের দায়ে একজনকে আটক করা হয়েছে। আহত হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার বিরুদ্ধে ভুক্তভোগীর মা একটি মামলা দায়ের করেছে। আমরা আইন মোতাবেক ব্যবস্থা নেব।

