বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

0
বিশ্ববাজারে ফের কমলো স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়া এবং মার্কিন ডলার ও তেলের দাম বাড়ার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। বুধবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ২২ মিনিটে স্পট স্বর্ণের দাম দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৯ দশমিক ১৯ ডলারে নেমে আসে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, একই সময়ে আগস্ট মাসের সরবরাহ চুক্তিভিত্তিক মার্কিন স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৮ দশমিক ৪০ ডলারে। 

এর আগে সোমবার (০১ জুন) স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫০৫ দশমিক ৮৭ ডলার হয়েছিল। আর আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে নেমে এসেছিল।

বাজার বিশ্লেষক লুকম্যান ওতুনুগা বলেন, মধ্যপ্রাচ্যে নতুন সংঘর্ষের কারণে স্বর্ণের ওপর চাপ বেড়েছে এবং এটি ৪ হাজার ৪৫০ ডলারের গুরুত্বপূর্ণ সহায়ক স্তরের কাছাকাছি অবস্থান করছে। তবে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির আশা কমে যাওয়ায় তেলের দাম ঊর্ধ্বমুখী থাকবে।

জানা গেছে, টানা তৃতীয় দিনের মতো ঊর্ধ্বমুখী রয়েছে তেলের দাম। ডলারের মানও দশমিক ২ শতাংশ বেড়েছে। তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ায়, ফলে দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনাও বাড়ে। স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও উচ্চ সুদের হারের পরিবেশে এটি তুলনামূলক কম আকর্ষণীয়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা মুনাফা পাওয়া যায় না।

এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। ‍বুধবার স্পট রুপার দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৮ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৯২৮ দশমিক ৩৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৩৫৩ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে।

দেশেও স্বর্ণের দামে স্বস্তির খবর। ঈদের পরেই দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (০২ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।-রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here